
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত নির্মিত দুই লেনের দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ৭১ কিলোমিটার।
বুধবার সকাল সাড়ে ১০টায় ধউর মোড়ে আনুষ্ঠানিকভাবে সেতু দুটি যান চলাচলের জন্য খুলে দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)-এর প্রেসিডেন্ট চি উয়ে। এছাড়া প্রকল্পের কর্মকর্তা, পরামর্শক, ঠিকাদার ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলমান থাকলেও জনগণ যাতে ধাপে ধাপে প্রকল্পের সুফল পেতে শুরু করেন, সে লক্ষ্যেই সার্ভিস সেতু দুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হলে ঢাকা, আশুলিয়া, সাভার, বাইপাইলসহ দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে। এর ফলে পণ্য পরিবহন, শিল্পকারখানার শ্রমিকদের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যে আরও গতি আসবে।
মন্ত্রী আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নদী, জলধারা ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ধউর-আশুলিয়া অংশের বিদ্যমান অ্যাট-গ্রেড সড়ক অপসারণের ফলে পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমানোর সুযোগ তৈরি হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ১৪টি র্যাম্প, বাইপাইল ট্রাম্পেট ইন্টারচেঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের অনুমোদিত মেয়াদ ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। সার্ভিস সেতু দুটি উন্মুক্ত হওয়ায় ধউর, আশুলিয়া ও আশপাশের এলাকার যানবাহন চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মোঃ বশির উদ্দিন, আশুলিয়া 





















