
বাউফল পৌরসভাকে আরও সচল, আধুনিক ও জনবান্ধব করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বাউফল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌরসভার সার্বিক কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাউফল পৌরসভা আপনাদের। এটিকে রক্ষা করা, সুন্দর করা এবং পৌরবাসীর জন্য একটি আধুনিক ও বসবাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তোলার দায়িত্বও আপনাদের। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সুন্দর পৌরসভা গড়ে তোলা সম্ভব।”
তিনি বলেন, একটি পৌরসভার উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। নাগরিকদের নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাও আধুনিক পৌর ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ।
এ সময় পৌর এলাকার রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য এবং নাগরিক সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জনগণের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দিয়ে এমপি বলেন, পৌরবাসীর অর্থে পরিচালিত প্রতিষ্ঠান থেকে জনগণ সর্বোচ্চ সেবা পাওয়ার অধিকার রাখেন। সেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি কাম্য নয়।
ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন তিনি।
বাউফল পৌরসভাকে পরিকল্পিতভাবে আধুনিকায়নে জনপ্রতিনিধি, প্রশাসন, কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ড. শফিকুল ইসলাম মাসুদ।
সভায় বিভিন্ন দল-মতের নেতৃবৃন্দ, পৌরবাসী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মো. সবুজ, বাউফল প্রতিনিধি 

























