
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, প্রশাসনিক তদন্তের কথা জানাল কর্তৃপক্ষ
পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করতে জরুরি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হামিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত এবং এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হয়।
সভায় জানানো হয়, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক তদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর বিধি অনুযায়ী তার বিষয়ে বিভাগীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও অভিভাবকদের জানানো হয়।
সমাবেশে ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজসেবক জুলফিকার আলী হায়দার, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, মান্নান হাওলাদার, ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লবসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তব্য দেন অভিভাবক মো. মহাসিন ও মো. লিটন তালুকদারসহ উপস্থিত অন্যরা।
বক্তারা বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: 
























