
বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘর কর্মচারীরা দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য দূর করে ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ ডাক বিভাগের মাঠপর্যায়ের কার্যক্রম সচল রাখতে শাখা ডাকঘর কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা আজও ন্যায্য মর্যাদা ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
কর্মচারীদের দাবি, ডাক বিভাগে বর্তমানে বিভাগীয় ও অবিভাগীয়—দুই ধরনের কর্মচারী ব্যবস্থা চালু রয়েছে। বিভাগীয় কর্মচারীরা সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করলেও অবিভাগীয় কর্মচারীরা একই ধরনের দায়িত্ব পালন করেও সেই সুবিধা পান না। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই বৈষম্যমূলক ব্যবস্থা অবিলম্বে বাতিল করে সকল কর্মচারীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
তারা বলেন, শাখা ডাকঘর কর্মচারীরাই ডাক বিভাগের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন। তাই তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি। বাংলাদেশ সরকার ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
শাখা ডাকঘর কর্মচারীরা আরও বলেন, তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা হলে চলমান আন্দোলন প্রত্যাহার করে তারা নিজ নিজ কর্মস্থলে ফিরে গিয়ে আগের মতো আন্তরিকতার সঙ্গে জনগণকে ডাকসেবা প্রদান করবেন।
নিজস্ব প্রতিবেদক: 






















