
ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রাজিব হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝালকাঠির সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নৈকাঠি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজিব হাওলাদার (পিতা: মৃত রবীন্দ্রনাথ হাওলাদার)কে ১০৫ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীবের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন।
একই অভিযানে সাতুরিয়া গ্রামের মো. মান্নান শরীফের ছেলে মো. তাছবির শরীফ (২৫)কে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো: মনিরুজ্জামান রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি 






















