
ঝালকাঠির রাজাপুরে পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজনের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অপরজনের ডোপ টেস্টে পজিটিভ ফল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের মৃত নান্না আকনের ছেলে মো. সোহেল আকন (৩৫) এবং শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের অসীম বিশ্বাস (৪৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে নারিকেলবাড়িয়া গ্রামের যাদব মাস্টারের বাড়ির সামনে থেকে সোহেল আকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ডোপ টেস্ট করা হলে ফল পজিটিভ আসে। অন্যদিকে, অসীম বিশ্বাসকে তাঁর বাড়ির সামনের পাকা সড়ক থেকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান বলেন, সোহেল আকনের ডোপ টেস্টে পজিটিভ ফল পাওয়া গেছে। অপরদিকে, অসীম বিশ্বাসের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
মো: মনিরুজ্জামান রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি 






















