
পিরোজপুরের ভিটাবাড়িয়া ইউনিয়নবাসীর উদ্দেশে জনগণের সেবায় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন এস এম রফিকুল ইসলাম মিলন শিকদার। তিনি বলেন, তাঁকে ভোট দিতেই হবে—এমন কোনো কথা নেই। তবে ইউনিয়নবাসীর প্রতি তাঁর আহ্বান, যোগ্য ও ভালো একজন মানুষকে নেতৃত্বে নির্বাচিত করা হোক, যিনি সাধারণ মানুষের অধিকার ও হক নষ্ট করবেন না।
এক বক্তব্যে এস এম রফিকুল ইসলাম মিলন শিকদার বলেন, “আমি এবার নির্বাচনে একজন প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবো জনগণের সেবা করার জন্য। নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, হার-জিত আল্লাহর হাতে। আমার কারও কোনো কিছুর প্রতি লোভ-লালসা নেই।”
তিনি আরও বলেন, অনেক সময় বিভিন্ন নেতৃত্বস্থানীয় ব্যক্তি দাবি করেন—‘আমি এই রাস্তা দিয়েছি, সেই রাস্তা দিয়েছি, এটা দিয়েছি, সেটা দিয়েছি।’ কিন্তু বাস্তবে এসব উন্নয়নকাজ সরকারি বাজেটের অর্থে বাস্তবায়িত হয়। নিজের পকেটের টাকা দিয়ে সরকারি উন্নয়নকাজ করা হয় না বলেও মন্তব্য করেন তিনি।
এস এম রফিকুল ইসলাম মিলন শিকদার বলেন, “নির্বাচন আমার কাছে কোনো ব্যবসা নয়। কারও হক মেরে খাওয়ার শিক্ষা আমার মধ্যে নেই। আল্লাহ আমাকে যা দিয়েছেন, তাতেই আমি সন্তুষ্ট।”
তিনি জানান, ব্যক্তিগত কোনো স্বার্থ বা লাভের প্রত্যাশা নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করার লক্ষ্যেই তিনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
ভিটাবাড়িয়া ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, দল-মত বা ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে এমন একজন মানুষকে নেতৃত্বে আনা উচিত, যিনি জনগণের কল্যাণে কাজ করবেন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করবেন।
এস এম রফিকুল ইসলাম মিলন শিকদার
প্রার্থী, ১নং ভিটাবাড়িয়া ইউনিয়ন
ভিটাবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি 

























