
পিরোজপুরের ভান্ডারিয়ায় সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মানে বর্ণাঢ্য “সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে শুক্রবার (১০ জুলাই) ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাসিবুল হাসান। তিনি সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবকদের নিরলস ভূমিকার প্রশংসা করে বলেন, মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসা ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে উৎসাহিত ও তাদের কাজের স্বীকৃতি দিতেই এই সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে নির্বাচিত স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তি ও সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা ও অনুপ্রেরণার বার্তা পৌঁছে দেয়।
নিজস্ব প্রতিনিধি: 



















