
গাজীপুরের বাসন মেট্রো থানা এলাকায় একটি আবাসিক ভবনের সেফটিক ট্যাংক বিস্ফোরণে একজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। গত শেষ রাতে (প্রায় সকাল ৬টার দিকে) নাওজোর ফ্লাইওভার সংলগ্ন হোসেন মার্কেট এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষাক্ত গ্যাসের তীব্র চাপের কারণেই এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভবনের একপাশের দেয়াল ধসে পড়ে এবং সড়কের বিপরীত পাশের অন্তত তিনটি দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে দোকানগুলোর ভেতরের ফ্রিজসহ বিভিন্ন মালামাল চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনার পরপরই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় বাকি দুই জনকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি; বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই বাসন মেট্রো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য প্রদান করা হয়নি।
এদিকে দুর্ঘটনার পর থেকেই ভবনের ম্যানেজার আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, সেফটিক ট্যাংকের নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার জন্য ভবনের মালিক রিয়াজ সাহেবকেই দায়ী করছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
বিশেষ প্রতিবেদক, মেহেদী হাসান 






















