
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা যুবদলের নেতা ও সাবেক জেলা ছাত্রদল নেতা মোঃ জিয়া উদ্দিন বাবলুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ভাণ্ডারিয়া প্রেসক্লাব চত্বরে উপজেলা যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি জিয়া উদ্দিন বাবলুর ওপর সংঘটিত হামলা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, একজন রাজনৈতিক কর্মীর ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় যুবদল, ছাত্রদল শ্রমিকদল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলার বিচার ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ভাণ্ডারিয়া প্রতিনিধি 


















