
একসময় ক্যামেরায় মানুষের দুঃখ-সংগ্রামের গল্প তুলে ধরতেন সাহসী ফটোসাংবাদিক নুরুন্নাহার ইভা। কিন্তু ২০২৩ সালের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করার পর আজ তিনি নিজেই অসহায় জীবনের সঙ্গে লড়াই করছেন। কর্মক্ষমতা হারিয়ে চিকিৎসা ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় থাকা এই সাংবাদিকের পাশে দাঁড়াতে সমাজের মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
নুরুন্নাহার ইভা দৈনিক দিন প্রতিদিন পত্রিকার একজন ফটোসাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি নানা সামাজিক কর্মসূচি, মানবাধিকার ইস্যু এবং নির্যাতিত মানুষের কথা ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছেন। বিশেষ করে জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলন বাংলাদেশের বিভিন্ন কর্মসূচিতে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন।
২০২৩ সালের ২৬ অক্টোবর রাজধানীর ইস্টার্ন কমলাপুর কমার্শিয়াল কমপ্লেক্সে সাইবার নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের ছবি ধারণ শেষে অফিসে ফেরার পথে হাটখোলা এলাকায় বাসস্ট্যান্ডে অপেক্ষার সময় নিয়ন্ত্রণহীন দুটি বাসের মাঝে পড়ে গুরুতর দুর্ঘটনার শিকার হন তিনি।
দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বাঁচলেও স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন ইভা। এরপর থেকে তিনি আর পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না। স্বামীহীন এই সংগ্রামী নারীকে দুই কন্যা ও এক পুত্রের ভরণপোষণ এবং শিক্ষার দায়িত্বও বহন করতে হচ্ছে।
বর্তমানে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হচ্ছে। মানবিক কারণে তাঁর চিকিৎসা, পুনর্বাসন ও সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
সহায়তার জন্য বিকাশ (পার্সোনাল): ০১৭১৪-৭১৪৭১৯
নিজস্ব সংবাদদাতা 




















