
বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশন (বিজিডব্লিউটিএফ)-এর তিনজন প্রয়াত লাইফ মেম্বারের পরিবারের সদস্যদের মাঝে বীমার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর উত্তরার সেক্টর-১৩ এর ক্রাউন ক্যাফে-তে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বীমা সুবিধা বাস্তবায়নে সহযোগিতা করে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আর্থিক সহায়তা প্রদান করে ডেনিম সল্যুশনস লিমিটেড।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সামাদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি মহসিনুজ্জামান শিশির এবং প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান। তিনি বলেন, “বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের সকল লাইফ মেম্বারকে পর্যায়ক্রমে বীমা সুবিধার আওতায় আনা হবে। সদস্যদের কল্যাণে সংগঠন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শাহজাহান মজুমদার, মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চয় কুমার জিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেনিম সল্যুশনস লিমিটেড-এর জেনারেল ম্যানেজার সোহাগ সেন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের লাইফ মেম্বাররা।
শেষে প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নিজস্ব সংবাদদাতা 






















