
ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রোলা–লেবুবুনিয়া সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। একসময়কার পিচঢালা এ সড়কের কোথাও আর পিচের অস্তিত্ব নেই। পুরো পিচ উঠে গিয়ে ইট-খোয়া বেরিয়ে এসেছে। বড় বড় খানাখন্দে ভরা সড়কটি দেখে এটি যে একটি পাকা রাস্তা ছিল, তা বোঝারও উপায় নেই। বর্ষায় গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, পথচারী ও যানবাহনের চালকেরা।
সরেজমিনে দেখা যায়, ৮৪ নম্বর দক্ষিণ নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খালের পূর্ব পাশ থেকে ২৭ নং রোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোলা দাখিল মাদরাসার সামনে হয়ে লেবুবুনিয়া বাজার পর্যন্ত পুরো সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। কোথাও সমতল নেই, কোথাও পিচ নেই। সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে রাস্তা ও গর্ত আলাদা করা কঠিন হয়ে পড়ে।
এ সড়ক দিয়ে প্রতিদিন ৮৪ নম্বর উত্তর নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৭ নম্বর রোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোলা বালিকা মাদরাসা, রোলা দাখিল মাদরাসা, হাফিজিয়া ও নুরানি মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এবং লেবুবুনিয়া বাজারে যাতায়াতকারী ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবীসহ হাজারো মানুষ চলাচল করেন। সড়কের পাশে কয়েকটি জামে মসজিদ থাকায় বয়স্ক মুসল্লিরাও চরম ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয়দের অভিযোগ, বহু বছর আগে নির্মিত এ সড়কটির আর কোনো ধরনের সংস্কার হয়নি। ফলে প্রায়ই মোটরসাইকেল ও অটোরিকশা দুর্ঘটনার শিকার হচ্ছে। এলাকাবাসীর ভাষায়, এটি এখন আর পিচঢালা সড়ক নয়, বরং খানাখন্দে ভরা একটি ঝুঁকিপূর্ণ পথে পরিণত হয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মোঃ মনিরুজ্জামান রাজাপুর প্রতিনিধি 






















