
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভায় সরকারি খাল দখল করে গড়ে ওঠা একটি অবৈধ মার্কেট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ ৯ জুলাই ভাণ্ডারিয়া থানা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হাসিবুল হাসানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের লক্ষীপুরা এলাকার বটতলা মহাসড়কের পাশে একটি সরকারি খাল দখল করে অবৈধভাবে মার্কেট স্থাপন করেছিলেন সজল মল্লিক নামের এক ব্যক্তি। সরকারি জমি ও খাল দখল করে এই স্থাপনা নির্মাণের ফলে ওই এলাকায় জলবদ্ধতার ঝুঁকি তৈরি হচ্ছিল এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল।
বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে একটি বড় ভেকু মেশিন দিয়ে খালের ওপর নির্মিত অবৈধ মার্কেটের অংশটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান শেষে পৌর প্রশাসক হাসিবুল হাসান জানান, সরকারি সম্পত্তি বা খাল দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা করতে দেয়া হবে না। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এই ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং সরকারি খালটি পুরোপুরি দখলমুক্ত রাখার দাবি জানিয়েছেন।
ভাণ্ডারিয়া প্রতিনিধি 




















