
পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ডুমুরিতলা নামক স্থানে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার (১৮) বানেশ্বরপুর এলাকার আবুল কালাম এর মেয়ে। মারিয়া আফতাব উদ্দিন কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী।
আহত অটো ড্রাইভার রাসেল(৩৫), হাওয়া বেগম (৪৫) বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরিশাল থেকে আসা একটি লোকাল বাস ডুমুরিতলা স্থানে আসলে বিপরীত মুখী একটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত শিক্ষার্থীর মা হাওয়া বেগম ও অটো ড্রাইভার রাসেলকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে জেলা হাসপাতালে আনা হলে কলেজ শিক্ষার্থী আগেই মৃত্যুবরণ করে। হাওয়া বেগম নামে মহিলা রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মো রাজু সেখ পিরোজপুর প্রতিনিধি 




















