
দেশের প্রধান বিমানবন্দরে যাত্রীসেবা, ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে নানা অভিযোগ ও জনমনে অসন্তোষের প্রেক্ষাপটে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দৈনিক সবুজ বিপ্লবের সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সাংবাদিক সংস্থার (বাসাস) চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সিকদার।
তিনি বলেন, বিমানবন্দর দেশের প্রবেশদ্বার। প্রতিদিন দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ এই বিমানবন্দর ব্যবহার করেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই বিমানবন্দরে এসে কোনো যাত্রী যাতে হয়রানি, ভোগান্তি বা অপ্রয়োজনীয় জটিলতার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মোহাম্মদ নাসির উদ্দিন সিকদার বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তারা বিদেশে কঠোর পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা দেশে পাঠান। বিমানবন্দরে দেশে ফেরার পর তাদের যদি হয়রানি বা অব্যবস্থাপনার মুখোমুখি হতে হয়, সেটি কোনোভাবেই কাম্য নয়।”
তিনি আরও বলেন, বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনায় দক্ষতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে দায়িত্ব পালনে দক্ষ, সৎ ও সাহসী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।
এ প্রসঙ্গে সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নাম উল্লেখ করে তিনি বলেন, অতীতে বিভিন্ন ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে তার সক্রিয় ভূমিকা জনমনে আলোচনার সৃষ্টি করেছে। বিমানবন্দরের ব্যবস্থাপনা ও যাত্রীসেবার ক্ষেত্রে সরকার যদি তাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করে, তাহলে তা নিয়ে সংশ্লিষ্ট মহল মতামত দিতে পারে।
মোহাম্মদ নাসির উদ্দিন সিকদার বলেন, “আমরা কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিবেচনায় নয়, বরং দক্ষতা, সততা, অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের সক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন করতে চাই। বিমানবন্দরের বর্তমান সমস্যাগুলো দূর করতে যে কর্মকর্তা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাকে যথাযথ দায়িত্ব দেওয়া প্রয়োজন।”
তিনি বিমানবন্দরের যাত্রীসেবা উন্নয়ন, প্রবাসীদের হয়রানি বন্ধ, নিরাপত্তা জোরদার, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ এবং সেবার মান বাড়াতে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে বিমানবন্দরের প্রকৃত পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় সংস্কার ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
মোহাম্মদ নাসির উদ্দিন সিকদার
সম্পাদক ও প্রকাশক, দৈনিক সবুজ বিপ্লব
চেয়ারম্যান, বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)
নিজস্ব প্রতিবেদক 





















