
পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও ভবিষ্যৎ-প্রস্তুত মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ফেডারেশন অব হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফ.বি.এইচ.আর.ও) আয়োজন করতে যাচ্ছে ‘৮ম জাতীয় এইচ.আর কনভেনশন ২০২৬’। এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “Human Capital & AI: Re-skilling for the Future”।
এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে (৩য় তলা) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আসন্ন এইচআর কনভেনশনে দেশের মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের কারণে পরিবর্তিত কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। একই সঙ্গে ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী মানবসম্পদ তৈরিতে রি-স্কিলিং ও আপ-স্কিলিংয়ের গুরুত্ব তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। কনভেনশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এফবিএইচআরও-এর প্রেসিডেন্ট ড. মোঃ মোশাররফ হোসেন, ভারতের বিশিষ্ট মানবসম্পদ পেশাজীবী ড. টি. ভি. রাও এবং শ্রীলঙ্কার ড. অজন্তা ধর্মসিরিসহ দেশ-বিদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তারা অংশগ্রহণ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এফবিএইচআরও-এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন, ভাইস প্রেসিডেন্ট ও ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমেদ সোবহানী এবং প্রেসিডেন্ট (এসএলএস ডি ) অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী।
উদ্বোধনি বক্তব্য ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কনভেনশন চেয়ার ও মাইজবস -এর সিইও- মো. কামরুজ্জামান সবুজ। সংবাদ সম্মেলনে কনভেনশনের অন্যান্য আহ্বায়ক ও সদস্যরাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, রি-স্কিলিং ও আপ-স্কিলিং শুধু ব্যক্তি পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়াবে না, বরং প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ কর্মবাজারের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও মানবসম্পদ পেশাজীবীদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে কাজের ধরন ও প্রয়োজনীয় দক্ষতায় ব্যাপক পরিবর্তন ঘটছে। এ পরিস্থিতিতে কর্মীদের নতুন দক্ষতায় প্রশিক্ষিত করা এবং বিদ্যমান দক্ষতাকে আরও উন্নত করা জরুরি হয়ে পড়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘৮ম জাতীয় এইচআর কনভেনশন ২০২৬’-এর মাধ্যমে দেশ-বিদেশের মানবসম্পদ বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নতুন চিন্তা, কৌশল ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
নিজস্ব প্রতিবেদক : 





















