
ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
আজ উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. রিপন (পিতা—মো. আনোয়ার), উত্তর মনোহরপুর এবং ২ পিস ইয়াবাসহ রাজু আহমেদ (পিতা—মৃত সিদ্দিক হাওলাদার), জাইলাবাড়ি, রাজাপুরকে আটক করা হয়।
আটক মো. রিপনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অপরদিকে রাজু আহমেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মো: মনিরুজ্জামান রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি 






















