
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন দিন পর মোঃ জিন্দার আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
মৃত জিন্দার আলী শেখ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গাদুর্গাপুর এলাকার বাসিন্দা। তিনি গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আনুমানিক ৫টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাঁর ছেলে মোঃ ওবাইদুল ইসলাম শেখ মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাড়ির পাশের একটি পুকুরে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জিন্দার আলী শেখের বলে শনাক্ত করেন।
তবে কীভাবে তিনি পুকুরে পড়েছেন বা তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মুকসুদপুর থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে মৃত্যুর কারণ সম্পর্কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
সোহেল শেখ মুকসুদপুর প্রতিনিধি 






















