
জাতীয় পর্যায়ে একাধিক অসাধারণ সাফল্য অর্জন করে পিরোজপুরের মুখ উজ্জ্বল করা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মোঃ ইছা আল মাহিম পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক আবু সাঈদ কৃতি শিক্ষার্থী ইছা আল মাহিমের ধারাবাহিক সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে ভবিষ্যতেও অধ্যবসায়, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে এগিয়ে গিয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান তিনি।
মোঃ ইছা আল মাহিমের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে—জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫-এর অভিনয় বিভাগে ২য় স্থান অর্জন। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি-২০২৫’-এ কবিতা আবৃত্তিতে অর্জন করেছে ২য় স্থান।
এছাড়াও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫-এ কবিতা ও গল্প বলায় সারাদেশে ১ম স্থান অর্জন করে ইছা আল মাহিম। তার এই অসাধারণ সাফল্যে পিরোজপুরের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও গর্বের আবহ।
জেলা প্রশাসন, পিরোজপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃতি শিক্ষার্থী ইছা আল মাহিমের জাতীয় পর্যায়ের এসব অর্জনের স্বীকৃতিস্বরূপ শিগগিরই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হবে।
ইছা আল মাহিমের এই সাফল্য শুধু তার নিজের নয়, বরং পিরোজপুর জেলার জন্যও গর্ব ও সম্মানের বিষয়। তার মেধা, প্রতিভা ও অধ্যবসায় আগামী দিনে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
কৃতি শিক্ষার্থী মোঃ ইছা আল মাহিমের উত্তরোত্তর সাফল্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
নিজস্ব প্রতিবেদক 
























