নোয়াখালী সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে মো. সেলিম (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার ২ নম্বর দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গৌরীপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মো. সেলিম গৌরীপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে গৌরীপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। কিশোরদের মধ্যে মারামারি দেখে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো. সেলিম তাদের থামাতে এগিয়ে যান।
অভিযোগ রয়েছে, সংঘর্ষ থামাতে এগিয়ে যাওয়ায় কিশোর গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়ে সেলিমের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে মো. রাজু (১৬) নামে এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় রাজু নামে এক কিশোরকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কিশোর গ্যাংয়ের সহিংসতা থামাতে গিয়ে একজন নিরীহ ব্যবসায়ীর প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ