
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপের ঘোল, মাঠা, ঘি ও দইয়ের কারখানা, শিশু খাদ্যের দোকান এবং গ্যাস সিলিন্ডারের বাজারে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃত্বে সলপ এলাকার ঘোল ও মাঠার কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন মাঠা, ঘোল, ঘি ও দই উৎপাদন এবং লেবেলবিহীন রাসায়নিক ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সলপ ঘোল এন্ড সাদেক খান দই ঘরের মালিক মো. আব্দুল মালেক খানকে ৫০ হাজার টাকা, সলপ দই ঘরের মালিক আব্দুল খালেক খানকে ৫০ হাজার টাকা এবং সলপ মাঠা ঘোল দই ঘরের মালিক মো. আব্দুর রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নিরাপদ খাদ্য আইনে সলপ কাশেম ঘোল মাঠা দই এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহার উপস্থিতিতে মিল্ক অ্যানালাইজারের মাধ্যমে দুধের বিশুদ্ধতা ও মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুধে নির্ধারিত মাত্রার চেয়ে ফ্যাটের পরিমাণ কম পাওয়া যায়।
অন্যদিকে, উল্লাপাড়া বাজারে শিশু খাদ্যের দোকানেও অভিযান চালানো হয়। সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নকল ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মেসার্স শরিফ স্টোরের মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারে গ্যাস সিলিন্ডারের মূল্য ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং উল্লাপাড়া মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাসির উদ্দিন সিকদার
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ ফজলুল হক
ব্যবস্থাপনা সম্পাদক : লোকমান হোসেন
বার্তা সম্পাদক : মোঃ আল মাহমুদ
মফস্বল সম্পাদক : তাহমিনা সুলতানা
প্রধান কার্যালয় : ৮৪/৬ নয়া পল্টন ১০০০
Email:sobujbiplob625@gmail.com
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক সবুজ বিপ্লব ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ